
প্রতিনিধি, লাকসাম
গ্রাম বাংলার শীতের চিরায়ত রূপ ঘন কুয়াশা। আর সেই কুয়াশাকে ছাপিয়ে গোবিন্দপুরের খেলার মাঠে এখন বইছে উৎসবের আমেজ। কুমিল্লার লাকসাম উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শুরু হয়েছে অত্যন্ত জনপ্রিয় ‘শট ভান্ডারী ক্রিকেট টুর্নামেন্ট’। দল-মত নির্বিশেষে গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই টুর্নামেন্ট এখন স্থানীয় তারুণ্যের মিলনমেলায় পরিণত হয়েছে।
টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য নিয়ে স্থানীয় যুবক সাখাওয়াত হোসেন বলেন, “শীতের এই সময়ে গ্রামের যুবকরা অলস সময় কাটালে তাদের বিপথে যাওয়ার বা মাদকের প্রতি আসক্ত হওয়ার একটা বড় ঝুঁকি থাকে। আমরা চাই না আমাদের গ্রামের একটি ছেলেও মাদকের অন্ধকারে হারিয়ে যাক। মূলত একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়েই আমরা এই খেলার আয়োজন করেছি। খেলাধুলা যুবকদের মন ও শরীর দুই-ই ভালো রাখে।”
গোবিন্দপুর গ্রামের আরেক যুবক আনোয়ার হোসেন সজীব বলেন এই আয়োজনের গভীর উদ্দেশ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আজকাল অনেক এলাকাতেই দেখা যায় তুচ্ছ রাজনৈতিক কারণে যুবকদের মধ্যে প্রতিহিংসা ও দূরত্ব তৈরি হয়। আমরা সেই প্রথা ভাঙতে চাই। আমাদের লক্ষ্য—রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সমাজের যুবকদের মধ্যে আন্তরিকতার বন্ধন সুদৃঢ় করা। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকবে এবং সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করবে।”
টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতিদিন মাঠে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশী ও ক্রিকেটপ্রেমীরা। কুয়াশাচ্ছন্ন সকালে ব্যাটে-বলের লড়াই যেমন দর্শকদের আনন্দ দিচ্ছে, তেমনি প্রবীণরাও যুবকদের এমন ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের টুর্নামেন্ট শুধু বিনোদন নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।