
প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. খোরশেদ আলম, মো. রাসেল ও মো. জাহাঙ্গীর আলম ভূইয়া নামের সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিন তেতাভূমি ও সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. খোরশেদ আলম, দক্ষিন তেতাভূমি (বাঁশতলী) গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে, মো. রাসেল তেঁতাভূমি গ্রামের মো. আলীর ছেলে ও মো. জাহাঙ্গীর আলম ভূইয়া টাকই গ্রামের সামছুল হকের ছেলে।
থানা পূলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ও ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই নাছির উদ্দিন।
পুলিশ জানায়, অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. খোরশেদ আলম গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এ ছাড়া ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম ভূইয়া এবং নয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. রাসেল কেও গ্রেপ্তার করা হয়। অর্থদণ্ড অনাদায়ে মো. রাসেলের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জিআর ও সিআর মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাঁদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।