চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে (৩৭) গুলি করে হত্যার ঘটনায় মূল হত্যাকারী রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব ১১- সিপিসি -২ কুমিল্লার একটি দল।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে র্যাব ১১, সিপিসি ২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঁন্দিরগাও এলাকার হাজী শামসুন নুর পাটোয়ারির ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ নভেম্বর রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যা করে দুর্বত্তরা। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা এবং র্যাবের নিজস্ব প্রযুক্তিতে মূল ঘাতক রফিকুল ইসলাম রবিনকে সনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ভিকটিম রুহুল আমিন (৪০) সিটি গ্রুপের বেঙ্গল পন্যের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার একজন বিক্রয় প্রতিনিধি। তিনি দিনের বেলায় ডিপো থেকে পণ্য নিয়ে মোটরসাইকেলযোগে বিক্রয় করে রাতের বেলায় ডিলারের কাছে বিক্রয়লব্ধ অর্থ জমা দিতেন। প্রতিদিনের ন্যায় ভিকটিম ঘটনার দিন সকালে ডিপো থেকে পণ্য নিয়ে তা ফরিদগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে রাতে বিক্রয়লব্ধ অর্থ মোটরসাইকেলযোগে ডিলারের নিকট বুঝিয়ে দিতে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে গ্রেপ্তারকৃত রবিন ও তার সহযোগী পলাতক আসামী ভিকটিমের গতিরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে ভিকটিম রুহুল আমিন ডাকাতদের পিছু নেন।
একপর্যায়ে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর সাকিনের সমিতি পুলের গোড়া নামক স্থানে রুস্তমপুরগামী পাকা রাস্তার উপর লোকজন দেখে ভিকটিম সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার করলে গ্রেপ্তারকৃত আসামী রবিন ভিকটিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে ভিকটিম রুহুল আমিনকে হত্যা করে। পরবর্তীতে গ্রেপ্তার এড়াতে ঘাতকরা আত্নগোপন করেন। গ্রেপ্তারকৃত রবিন প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত রবিনকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। জড়িত অন্যদের আইনের আওতায় আনতে কাজ করছে র্যাব।