
নিজস্ব প্রতিবেদক
মাইলস্টোন ট্রাজেডির প্রায় সাড়ে তিন মাস পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ঢাকারনবাসায় ফিরছেন কুমিল্লার দুই জমজ বোন। তারা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের এয়াছিন মজুমদারের দশ বছর বয়সী জমজ দুই মেয়ে শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা।
বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল।
দুই যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার বলেন, সেই দিনের ঘটনার ভয়াবহতা দুই শিশু আজও ভুলতে পারেনি। আল্লাহর কাছে শোকরিয়া দুটি মেয়েকে বুকে নিয়ে বাসায় ফিরতে পেরেছি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ, অন্তর্বর্তীকালীন সরকার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঘটনার পর পুরো বাংলাদেশ হতাহতদের পাশে ছিলেন। দোয়া করেছেন। তাদের প্রতিও কৃতজ্ঞতা।
এর আগে গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।