
নিজস্ব প্রতিবেদক
মনোয়ন বঞ্চিত আন্দোলকারীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, আসুন কুমিল্লার জন্য কিছু করি। কুমিল্লার জন্য ঐক্য সংহতি গড়ে তুলি। তারেক রহমান তথা দলের নির্দেশনা মেনে কুমিল্লায় ঐক্যের রাজনীতি করি। আমাকে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা তারেক রহমান। সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি আমাদের কোন রাগ ক্ষোভ অভিমান নেই। আপনাদের নিয়ে আমরা একসাথে কাজ করে কুমিল্লার জন্য কাজ করতে চাই।
শুক্রবার (নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার শুয়াগাজী বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ৭ নভেম্বর, বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। এই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। এই ঐক্যের মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জিয়াউর রহমান দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা দেন, জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
তিনি আরো বলেন, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন শক্তি পায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়। সেদিনের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে জনগণের মনে স্বস্তি ফিরে আসে এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে উদ্দেশ্য করে বলেন, মনোনয়ন পাওয়ার পর আপনাকে টেলিফোন করেছিলাম, আপনি ফোন ধরেননি। আবারো টেলিফোন করবো, দয়া করে ফোন ধরবেন। আপনি আমি একই দলের প্রতিনিধিত্ব করি। আমরা মিলেমিশে কুমিল্লার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, জালাল আহমেদ, আমান উদ্দিন, আমিনুল ইসলাম খোকন, হারুনর রশীদ, জামাল উদ্দিন, শাহাদাত আলী প্রমুখ।