
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। এক সময় এ হাসপাতালের অভ্যন্তরে দালালচক্রের দৌরাত্ম্য থাকলেও বর্তমানে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপে দালালচক্রের দৌরাত্ম্য কমেছে।
যে কারনে বদলে গেছে এ হাসপাতালের চিত্র। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং, সন্ধ্যা নামলেই মাদক সেবীদের আনাগোনাসহ নানা বিশৃঙ্খলাও কমেছে বলে জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।
সংশ্লিষ্টরা বলেন- দালাল দৌরত্ব কমাতে হাসপাতালের প্রধান ফটকে বসানো হয়েছে প্রহরী। যে কারনে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা রোগীরা স্বাচ্ছন্দের চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন বাড়ি।
জানা গেছে, এখনে ইনডোর ও আউটডোরে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, নবীনগর, কসবাসহ বিভিন্ন এলাকা থেকে রোগী আসে এখানে। যে কারনে এই হাসপাতালটি গুরুত্বপূর্ণ।
এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোঃ মাসুদ বলেন, চিকিৎসা নিতে এসে ভালোভাবেই চিকিৎসা নিয়েছি। কোন দালালের খপ্পরে পড়িনি।
অপরজন শামিমুল হক সবুজ বলেন, দালালদের কোন আনাগোনা আমি দেখিনি। যে চিকিৎসার জন্য এসেছি, সে চিকিৎসা ভালো ভাবে নিয়েছি। এখানকার ব্যবস্থাপনা ভালো।
হাসপাতালের কর্মী মো. খোকন ও আছিয়া খাতুন বলেন, আমাদেরকে হাসপাতালের গেইটে ডিউটি দিছে দালাল মুক্ত রাখার জন্য। আমরা থাকায় এখন কোন দালাল হাসপাতালের ভিতরে ঢুকতে পারে না। আমরা প্রতিদিন ৪ থেকে ৫ জন এখানে থাকি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস ছালাম খান খোলা কাগজকে বলেন, এখানে রোগীকেন্দ্রিক দালালদের উৎপাত খুবই বেশি। দালাল নিয়ন্ত্রণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিশেষ করে মহিলা দালালের উৎপাত বেশি। তারা হাসপাতালের প্রধান ফটকের বাহিরে দাঁড়িয়ে থাকে। এখান থেকেও রোগীদের ভুলভাল বুঝিয়ে নিয়ে যায় বিভিন্ন ক্লিনিকে। হাসপাতালের গেইটে প্রহরী বসানোতে দালালরা অভ্যন্তরে আসতে পারেনা। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং, সন্ধ্যা নামলেই মাদক সেবীদের আনাগোনাসহ বিভিন্ন বিশৃঙ্খলা দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরেও দেবিদ্বার উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।