
ঢাকা অফিস |
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পর্যন্ত ১৩ দিনে মোট ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই বাতিল হয়েছে ২৮টি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। পরিস্থিতি এখনো বলবৎ রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিভিন্ন এয়ারলাইনসের মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে মোট ৪২৩টি ফ্লাইট।
বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া ১২ মার্চ (০০০০ এলটি- এর পর) আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে স্বাভাবিক করা হবে।