
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের চার রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলো হলো দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম।
সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম
স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মাঝে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।’
‘অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুইটি পুনরায় চালু করা হতে পারে।’
বার্তায় আরও বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে।’
ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বার্তায়।