
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, এ ঘটনায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী এপিএস আব্দুল মতিনের সমর্থকরা জড়িত।
রবিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা–২ আসনের তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আরিফ হোসাইন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করন।
বিএনপি নেতাকর্মীরা জানায়, কুমিল্লা-২ আসনের বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়া তার নির্বাচনী সভায় বলেন, বলরামপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান কামাল হত্যাকাণ্ডের বিষয়টি পুনরায় তদন্ত করা হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এপিএস আব্দুল মতিনের সমর্থক বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তপন ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর গভীর রাতে সেলিম ভূঁইয়ার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বলরামপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান লিটন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গতকাল রাতে ঘটনাস্থলে যাই। সেখানে একটি কেরোসিনের বোতল পাওয়া গেছে। আমাদের প্রত্যক্ষ ধারণা, গতকাল বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তপন ভূঁইয়াকে বহিষ্কার এবং প্রয়াত চেয়ারম্যান কামাল হত্যাকাণ্ড পুনরায় তদন্তের কথা বলায় ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে।