বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সারাদেশে

চৌদ্দগ্রামে বিএনপি জামায়াত পাল্টাপাল্টি হামলা ভাংচুর অগ্নিসংযোগ

  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি জামায়াত পাল্টাপাল্টি হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় স্থানীয় বিএনপি নেতার বাড়ি, জামায়াতের তিনটি অফিস, একটি দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তবে জামায়াত দাবি করছে, বিএনপির কর্মীরাই আগুন লাগিয়েছে। অপরদিকে বিএনপি নেতা বাচ্চু মিয়ার বাড়ি কুপিয়ে তছনছ করা হয়েছে। এবং স্থানীয় বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর করা হয়। সোমবার সরেজমিন পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে।
‎স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, রবিবার রাত ১১টায় সংঘবদ্ধ একদল মানুষ উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের বিএনপি নেতা বাচ্চু মিয়ার বাড়িঘর কুপিয়ে তছনছ করে। এসময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়। বাচ্চু মিয়ার দাবি ওই দিন বিকেলে রাজনৈতিক কথা-কাটাকাটির জের ধরে জামায়াত শিবির নেতা কর্মীরা হামলা করে তার বাড়িঘর চাঙচুর করে। একই রাতে একই গ্রামে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। এরপর সোমবার রাত ২টায় একই ইউনিয়নের পাশ্ববর্তী গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে মোটরসাইকেলে আসা মুখোশধারী তিন যুবক আগুন ধরিয়ে দেয়। এতে ওই অফিস ও অফিস লাগোয়া একটি মুদি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। এবং এতে পনের লক্ষাধিক টাকার ক্ষতির দাবি করেন দোকানি নাছির। একই রাতে পাশ্ববর্তী কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনী অফিস পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। সোমবার ভোররাতে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার ছাত্রীদের বহনকারী বাসে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা। এনিয়ে উত্তেজনায় সোমবার দুপুরে ধনিজকরা বাজারে উভয়পক্ষের হামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ও জামায়াত সমর্থক তাসকিন আহত হয়েছে।
‎এদিকে বাসে আগুন দেয়ার প্রতিবাদ ও দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান।
‎ধনিজকরায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক শাহাদাত হোসেন গোলাপ বলেন, বিএনপির কর্মীদের আগুনে আমার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিকাপুর ইউনিয়নের সমেশপুরের এক বাসিন্দা বলেন, দুই ছাত্রদল কর্মী জামায়াত অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিস ক্ষতিগ্রস্ত হয়।
‎হামলায় তছনছ ঘরের মালিক ধনিজকরার বিএনপি নেতা বাচ্চু বলেন, ঘরে রাখা গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে জামায়াতের নেতাকর্মীরাম
‎চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করতে পাঁয়তারা করছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে তারা তিনটি নির্বাচনী অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশে মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ্বালাও পোড়াও করে এলাকায় আতঙ্ক বিরাজ করতে চাইছে। চৌদ্দগ্রামের জনতা তাদের এ হীন উদ্দেশ্যে বাস্তবায়ন হতে দিবে না, ইনশাআল্লাহ।
‎চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘রোববার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। একই সাথে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাংচুর করে।’
‎চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম বলেন, ‘ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz