বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সারাদেশে

তারেক রহমানের সাথে বৈঠকের পর হাজী ইয়াছিনের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশীদ ইয়াছিন মনোনয়ন পত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ সিদ্ধান্ত জানান দলের নেতারা।  এ দিকে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর তাঁকে (হাজী ইয়াছিন) কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ৬টি আসনে নির্বাচন পরিচালনার সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

গণমাধ্যমে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোটে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিন। এ আসনটিতে দলের মনোনয়ন লাভ করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এতে হাজী ইয়াছিন অনুসারীরা লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের থাকার সিদ্ধান্তে অনঢ় থাকেন হাজী ইয়াছিন। দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েন। তবে দলীয় প্রার্থী মনির চৌধুরীর পক্ষে হাজী ইয়াছিনের সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর আপাতত উভয়ের বিরোধ মিটতে যাচ্ছে বলে মনে করছেন দলের নেতারা।

অবশেষে বিরোধ মেটাতে বৃহস্পতিবার বিকালে দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে হাজী ইয়াছিনকে ডেকে নেন। চেয়ারম্যানের সাথে সাক্ষাতের পর তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এ সময় তাকে দক্ষিণ জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সাক্ষাতকালে ইয়াছিনের সাথে ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও হাজী ইয়াছিনের শ্যালক নিজাম উদ্দিন কায়সার।

এ বিষয়ে রাতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু  বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের দলের সাংগঠনিক অবস্থা ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে।  প্রিয় নেতা (তারেক রহমান) ইয়াছিন ভাইকে কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি নির্বাচনী আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন। দলের জন্য এমন ত্যাগ ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। দলের প্রতি ইয়াছিন ভাইয়ের এ ত্যাগ নেতাকর্মীরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

এক প্রতিক্রিয়ায় এ আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী  বলেন, ‘তারেক রহমান আমাদের দলের অভিভাবক। দলের স্বার্থে তাঁর এমন উদ্যোগ সত্যই প্রশংসনীয়। দলের জন্য হাজী ইয়াছিনের অনেক অবদান আছে। আমি আগেও বলেছি, এখনো বলছি- আমরা শুধু নির্বাচন নয়, তারেক রহমানের নেতৃত্বে আগামি দিন গুলিতে দলকে এগিয়ে নিতে ইয়াছিনকে নিয়ে এক সাথে কাজ করবো ইনশাল্লাহ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz