
প্রতিনিধি চৌদ্দগ্রাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: আব্দুল্লাহ মোঃ তাহেরের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন কামরুল হুদার সম্পদ বেশি। তবে নির্বাচনী হলফনামায় ডা: তাহেরের চাইতে স্ত্রী ডা: হাবিবা আক্তার এর সম্পদ বেশি
গত সোমবার কামরুল হুদা কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন এবং ডা: তাহের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
কামরুল হুদা
নির্বাচনী হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে কামরুল হদা মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেন ১০ কোটি ২২ লক্ষ ৭৭ হাজার ৯৩২ টাকা। এর মধ্যে নগদ টাকা ২ কোটি ৮৬লক্ষ ৬০ হাজার টাকা। কৃষি, ব্যবসা, বাড়িভাড়া, শেয়ার বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত মিলিয়ে ২০২৫-২৬ অর্থ বছরে বাৎসরিক আয় উল্লেখ করেছেন ৮০ লক্ষ ৫৩ হাজার টাকা। এছাড়াও কামরুল হুদার নামে স্বর্ণ রয়েছে ১০ ভরি। অপরদিকে কামরুল হদার স্ত্রী সাজেদা আক্তারের নামে (স্থাবর-অস্থাবর) রয়েছে ১ কোটি ১২ লক্ষ টাকা। স্ত্রীর নামে স্বর্ণ উল্লেখ করেছেন ২৫ তোলা। হলফনামায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদার দেনা রয়েছে ১ কোটি টাকার বেশি। তিনি আরও উল্লেখ করেন, ০২শতক কৃষি জমি যার আনুমানিক মূল্য- ১৩লক্ষ ৪১ হাজার। অপরদিকে স্ত্রীর নামে রয়েছে ২৫.৮১শতাংশ সম্পত্তি, যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা। ভবন (আবাসিক/বানিজ্যিক) অবস্থান ও অর্জনকালীন মূল্যে তিনি উল্লেখ করেন, তার নামে (কামরুল হুদা) চট্রগ্রাম শহরে ৩টি ভবন/ফ্ল্যাট রয়েছে। যার মূল্য উল্লেখ করেছে ১ কোটি ১৯লক্ষ ২৯ হাজার টাকা। প্রদত্ত হলফনামায় দেখা যায়, কামরুল হুদার নামে ২০১৫ সালে চৌদ্দগ্রাম থানার- ০৪, জি.আর ৫১/২০১৫ এবং চৌদ্দগ্রাম থানার- ০৫, জি.আর ৫২/২০১৫। মামলাগুলো বর্তমানে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তার নামে কোন রাজনৈতিক কিংবা অন্য কোন মামলা নেই।
ডা: তাহের
অপরদিকে নির্বাচন কমিশনে প্রদত্ত হলফনামায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের উল্লেখ করেন, স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় ১ কোটি ৮৫ লাখ টাকা। তবে তার স্ত্রীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা ।ব্যাংকে তার স্ত্রীর নামে জমা রয়েছে প্রায় ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। বর্তমানে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের হাতে নগদ অর্থ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা । আর স্ত্রীর আছে নগদ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। আব্দুল্লাহ মু. তাহেরের নামে বিভিন্ন জায়গায় মোট ১০ শতক কৃষি জমি এবং ১৫ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ১৫ কাঠা জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। স্ত্রীর নামে বাড়ি রয়েছে ৩টি, যার মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। স্থাবর সম্পত্তির হিসাবে আব্দুল্লাহ মু. তাহেরের রয়েছে ১ কোটি টাকা এবং তার স্ত্রী ডা. হাবিবা আক্তারের নামে রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। হলফনামায় ডা. তাহের ঋণের অংশে উল্লেখ করেন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হিসেবে মেডিকেল কলেজের নামে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকার কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে ।
তার স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল আরাফা ব্যাংক ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে। হলফনামায় মামলার তালিকায় উল্লেখ করেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশির ভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
প্রসঙ্গত, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনটি গুরুত্বপূর্ণ আসন। এ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন প্রয়াত কাজী জাফর আহমেদ, রেলমন্ত্রী হয়েছেন মুজিবুল হক। ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতের বর্তমান নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মু. তাহের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এ আসনে গত সোমবার পর্যন্ত স্বতন্ত্র ০১জনসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮জন প্রার্থী। মনোনয়ন জমাদানকারী প্রার্থীরা হলেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদা, বাংলাদেশ কংগ্রেসের আব্দুর রহিম, জাতীয় পার্টির মোঃ মাইন উদ্দিন মিঁয়াজী, গণফ্রন্টের মোঃ আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও: মহিউদ্দিন শহীদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউনুস ও স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসন। এ আসনের ১২৭টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ২১ হাজার ৬৩২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৯৩২জন, মহিলা ভোটার ২লক্ষ ০৪ হাজার ৭০৫জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০৪জন।