
আল-আমিন কিবরিয়া
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। দেশের অন্যতম এই বিদ্যাপীঠ বহু ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। এরমধ্যে একটি উপহারের ‘কলেজ বাস’। ১৯৯৩ সালে এই কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ‘কলেজ বাস’ উপহার দেন।
বর্তমানে বাসটির বয়স ৩২ বছর। তিন দশকের দীর্ঘ সময় পার হলেও এই বাস এখনো সচল রয়েছে আগের মতোই। সকাল-বিকাল দাপিয়ে বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বেগম খালেদা জিয়া প্রয়াত হন। তবে তাঁর দেওয়া এই উপহারের কথা ভুলে যাননি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
দেখা যায়, বাসটির রং ডিজাইন নজর করবে সবার। সামান্য জং ধরলেও যন্ত্রাংশ সবই সচল। এর গায়ে বড় করে লিখা- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মাননীয় প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার’ ১৯৯৩ ইং।
জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাসটি উপহার দেন। ১৯৯৩ সালে থেকেই এর পথচলা শুরু হয়। পথ চলার প্রথম থেকেই এখন পর্যন্ত বাসটি কলেজ থেকে চৌদ্দগ্রাম রুটে চলাফেরা করেন।
সাবেক শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাসটির ছবিটিতে তাঁদের অনুভূতি প্রকাশ করছেন। আবার অনেকেই গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
কলেজের শিক্ষার্থী নুসরাত ফাতেমা লিখেছেন, ‘যেদিন প্রথম এই বাসটি দেখেছি, আমার সামনে দিয়েই কলেজের গেট দিয়ে ঢুকেছিল। সেদিন এক ঘণ্টা ধরে বাসটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তারপরও কেন জানি মনে হয়েছে, তৃপ্তি মেটেনি।’ সেলিনা কামাল মজুমদার লিখেছেন, ‘আমি ছিলাম ৯৩/৯৪ ব্যাচের। বাসটিতে চড়ার সৌভাগ্য হয়েছিল।’ মোহাম্মদ মিজানুর রহমান লিখেছেন, ‘দেখে ভালো লাগল। ওই সময়ে এই বাসে করে বহুবার কলেজে গিয়েছিলাম।’ মো. ফরিদ উদ্দিন লিখেছেন, ‘এই বাসে চড়ার সৌভাগ্য আমার হয়েছিল ১৯৯৫ সালে।’ এছাড়াও বহু শিক্ষার্থী তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লার জন্য অনেক কিছু করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জিয়াউর রহমানের নামে একটি অডিটোরিয়াম রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার হিসেবে একটি কলেজ বাস আছে। আমরা বেগম খালেদা জিয়ার স্মৃতি আগলে রাখতে চাই। এখন পর্যন্ত এই বাসটির যত্নে আমরা কোনো ত্রুটি রাখিনি এবং ভবিষ্যতেও এর যত্নে কোনো ত্রুটি রাখব না।
তিনি আরও বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।