কারো একটি হাত নেই, কারো একটি পা নেই, আবার কারো এক হাত ও দুই পা হাঁটু পর্যন্ত নেই। তাদের মধ্যে কয়েকজন আবার বাক প্রতিবন্ধী। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাদের থামিয়ে রাখতে পারেনি। সুস্থ জীবন ও মানসিক শক্তি ধরে রাখতে খেলাধুলায় অংশ নিচ্ছেন তারা। খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষগুলো।
কুমিল্লার টাউন হল মাঠে খেলতে দেখা গেছে তাদের। তারা খেলছেন ক্রিকেট। এই খেলার প্রতি তাদের গভীর ভালোবাসা স্পষ্টভাবে ফুটে ওঠে। এ সময় মাঠজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ও আনন্দ–উৎসবের আমেজ।
বিশেষ চাহিদাসম্পন্ন এই মানুষগুলোর দাবি, এখানে যারা ক্রিকেট খেলছেন, তারা সবাই ক্রিকেট খেলা পছন্দ করেন। এই খেলাধুলার জন্য যে অর্থ ব্যয় হয়, তা নিজেরাই বহন করছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে চান তারা।
বিশেষ চাহিদাসম্পন্ন এ মানুষগুলোর মধ্যে রাসেল মিয়া ও মো. মুস্তফা বলেন, ‘আমরা এখানে যারা খেলাধুলায় আছি— সবাই আমরা কর্মজীবী। আমরাও কাজ করে খাই। আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি এর কারণ আমরা খেলাধুলা পছন্দ করি। সমাজের যারা স্বাভাবিক মানুষ আছেন, সবাই যদি আমাদের দিকে একটু ভালো নজর দেন আশা করি আমরা উৎস উদ্দীপনার মধ্যমে জীবন যাপন করতে পারব।’
জামাল হোসেন। বিশেষ চাহিদাসম্পন্ন এসব মানুষদের সংগঠনের সভাপতি তিনি। জামাল হোসেন বলেন, ‘ক্রিকেট খেলা সবার ঘরে ঘরেই আছে। এই খেলাটা সবাই পছন্দ করে। আমরাও ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলা পছন্দ করি। আমি অনেকদিন যাবত কুমিল্লা টাউন হল মাঠে ক্রিকেট খেলি। এই মাঠে জায়গা না পেলে অন্য মাঠে গিয়ে খেলি। এই পর্যন্ত একটা লোকও আমাদের এই খেলা নিয়ে সহানুভূতি দেখায়নি।’