
প্রতিনিধি, চৌদ্দগ্রাম
ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন স্বপন মিয়াজী(৫০) উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নাজমুল হুদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত স্বপন মিয়াকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বিএনপি নেতা স্বপন মিয়াজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।