রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সারাদেশে
কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান

কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক:

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)-এর উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘বিএনডিএস বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’। শুক্রবার বিকেলে কুমিল্লাস্থ নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে অংশ নেন দেশের এক সময়ের দেশসেরা জাতীয় বিতার্কিকবৃন্দ।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল “গ্রাম বেড়াতে গেলেই সুন্দর” শীর্ষক এক প্রাণবন্ত বিতর্ক। এই লড়াইয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন অভিজ্ঞ টেলিভিশন বিতার্কিকরা। পক্ষ দলের বিতার্কিক হিসেবে অংশ নেন সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও বিএনডিএস-এর নির্বাহী পরিচালক শাহনূর কিবরিয়া সুজন (১ম বক্তা), একই সংগঠনের নির্বাহী পরিচালক ও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. শরীফুল ইসলাম (২য় বক্তা) এবং দলনেতা হিসেবে নেতৃত্ব দেন বিএনডিএস-এর নির্বাহী পরিচালক ও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক শরিফ হোসেন।

অন্যদিকে, তুখোড় যুক্তিতে প্রতিপক্ষকে মোকাবিলা করে বিপক্ষ দল। এই দলে বিতার্কিক হিসেবে ছিলেন বিএনডিএস-এর সিনিয়র সদস্য ও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক সোহাগ হোসেন (১ম বক্তা), নির্বাহী পরিচালক ও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. ইসরাফিল মোর্তাজা (২য় বক্তা) এবং দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও বিএনডিএস-এর উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম ভুঁঞা।

যুক্তি-তর্ক ও পাল্টা যুক্তির এই প্রাণবন্ত লড়াইয়ে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী। প্রতিযোগিতায় বিচারকের আসনে থেকে বিতর্কটি মূল্যায়ন করেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদের মধ্যে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভিসিডিএস-এর মডারেটর জুবাইদা নুর খান এবং কুমিল্লা মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমান। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও গুণী এই বিচারক মণ্ডলীর উপস্থিতিতে বিতর্ক অনুষ্ঠানটি এক অনন্য উচ্চতা লাভ করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্কে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা শরিফ হোসেন।

বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল একটি মনোজ্ঞ ‘পেশাজীবী বিতর্ক’। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল— “বাঙালিয়ানা ধারণে আমার পেশার ভূমিকা অগ্রগণ্য”। এই প্রতিযোগিতায় বিভিন্ন পেশার প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে নিজ নিজ ক্ষেত্রের গুরুত্ব তুলে ধরেন রাঁধুনি কাজী রেহেনা, ব্যবসায়ী মেহেদী হাসান, কৃষক মুহাইমিনুল ইসলাম, সাহিত্যিক মমতাজ আক্তার হালিমা, কনটেন্ট ক্রিয়েটর হাবিবুন্নাহার মৌরিন এবং সংগীতশিল্পী সানজিদা ফারিহা সুরভী।

বিতর্ক অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে মডারেট করেন বিএনডিএস-এর উপদেষ্টা গোলাম কিবরিয়া। পুরো প্রতিযোগিতার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনডিএস-এর সিনিয়র সদস্য আবদুল কাদির তারেক, মাহবুব আলম ও আসাদুজ্জামান আসাদ।

বিতর্কের পাশাপাশি উপস্থিত দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা, যা পরিচালনা করেন ভিসিডিএস-এর বর্তমান সভাপতি সৌরভী সুলতানা। এই কুইজ প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করেন বিএনডিএস-এর নিয়মিত সদস্য সাইদুর তাইফ। পেশাজীবীদের যুক্তি আর দর্শকদের উদ্দীপনায় অনুষ্ঠানটি বাঙালিয়ানা উদযাপনের এক মিলনমেলায় পরিণত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz