
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো, আইমান (৭) ও আল জাহিম (৫)। তারা বলাকিয়া এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে। শামসুল আলম বর্তমানে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত দুই ভাই পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কিছু সময় পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের কাকা আরিফুল ইসলাম বলেন, আমার ভাই সৌদি আরবে থাকে। তার দুইটি ছেলে ছিল—আজ দুজনই পানিতে ডুবে মারা গেছে। আমরা কিছুই করতে পারলাম না।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। শিশুদেরকে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সন্তান হারানোর বেদনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রবাসী বাবার পরিবারেও নেমে এসেছে গভীর শোকের মাতম।