
নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি খুনের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অবশেষে গ্রেপ্তার হলেন। একইসঙ্গে তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এসটিএফ জানায়, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধ সংঘটনের পর ২ বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন এবং সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত ও রোববার ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক ২ আসামির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে।