
ঢাকা, অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে সর্বমোট ১ হাজার ৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময়ে আটক করা হয়েছে ১ হাজার ৭৭৪ জনকে।
এর পূর্বে, গত ৩০ জানুয়ারি আইএসপিআর জানায়, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।