
প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়”—এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস -২০২৬ উদযাপনের নিমিত্ত উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, থানার এসআই মো. আব্দুল সবুর, উপজেলা মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় করিমপুর আশ্রয় প্রকল্পের ৬ জনের মাঝে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দু’জন দরিদ্র ও অসহায় রোগীর মাঝে ওষুধ সহায়তা এবং ১১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক) কার্ড বিতরণ করা হয়।