বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সারাদেশে

ঢাকা ও চট্টগ্রামের ঘটনায় কেউ ফায়দা লোটার চেষ্টা করছে

  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ দেখেছেন :

ঢাকা অফিস

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর এবং ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় কোন মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদির ওপর এই ঘটনা ঘটিয়েছে একটি মহল। কিছু দিন আগে চট্টগ্রামেও আমাদের এক কর্মীর ওপর হামলা হয়েছিল। এসব ঘটনার মাধ্যমে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘অতীতে বিএনপির পক্ষ থেকে যে চক্রান্তের কথা বলা হয়েছিল, পরিস্থিতি সেদিকেই এগিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‘গেল ১৫ বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে। অবস্থার পরিবর্তন করা বিএনপির পক্ষেই সম্ভব। দুর্নীতির তকমা থেকে দেশকে বের করে নিয়ে এসেছিল বিএনপিই।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘রাজনীতির অভিজ্ঞতা কম বা বেশি বলে কথা নয়, নির্বাচন কঠিন হবে। গতকালের ঘটনা, চট্টগ্রামের ঘটনা প্রমাণ করে অতীতে যে চক্রান্তের কথা বলেছি, সেদিকেই এগিয়ে যাচ্ছে সবকিছু।’

তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করার উপায় বাতলে তারেক রহমান বলেন, ‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মানুষকে সাহসী করতে হবে, তাদের ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচন আয়োজন করতে হবে–এই দাবিতে সবাই মিলে এগিয়ে এলে ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যাবে।’

নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের মানুষের কাছে যেতে হবে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনারা মানুষের সঙ্গে মেশেন, তাদের সঙ্গে কথা বলেন। আমাদের বসে থাকলে চলবে না।’

‘আমাদের এখন বড় দায়িত্ব হল বিএনপির প্রতিটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া। বিএনপির একজন নেতা হিসেবে, একজন কর্মী হিসেবে আমাদের পরিকল্পনাগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। শুধু জনগণের দোরগোড়ায় নিলে হবে না, এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz