
আল-আমিন কিবরিয়া
এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬) কুমিল্লা থেকে ৪ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
কুমিল্লার অংশগ্রহণকারী ৪ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ কেন্দ্রে ১ হাজার ৭৮৪ জন এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
পরীক্ষার প্রশ্ন ছিল মানসম্মত এবং সময় পর্যাপ্ত থাকায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষার্থী তাসফিয়া আক্তার ও রাইসুল ইসলাম বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর প্রশ্ন অনেক সহজ ছিল। পরিবেশও ভালো ছিল। আমরা ভালোভাবেই পরীক্ষা দিয়েছি।’ অভিভাবক আরমান হোসেন বলেন, ‘মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ে খুব ভালো ছাত্রী। আশা করি ভালো কিছু করবে। বিশেষ করে এই পরীক্ষার নিয়ম–শৃঙ্খলা অনেক ভালো।’
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি দাবি করে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বলেন, ‘কুমিল্লায় শিক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিয়েছে। পরীক্ষা—পরীক্ষার মতোই হয়েছে। কোনো প্রকার আপত্তিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার ফলাফল কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’