
স্টাফ রিপোর্টার :
আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। এদিন বিকালে কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক মরহুম অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিকে দিবসটি উপলক্ষে জেলাপ্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি, আলোচনাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুমিল্লা বিমানবন্দরে পাক বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধান ঘাঁটিতে আক্রমণ শুরু করে। মিত্রবাহিনীর ১১ গুর্খা রেজিমেন্টের আর.কে মজুমদারের নেতৃত্বে কুমিল্লা বিমানবন্দরের তিন দিক থেকে আক্রমণ চালানো হয়। সীমান্তবর্তী বিবিরবাজার দিয়ে লে. দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এবং অপর দুইটি দল গোমতী নদী অতিক্রম করে কুমিল্লা শহরের ভাটপাড়া এবং চৌদ্দগ্রামের বাঘেরচর দিয়ে এসে বিমানবন্দরের পাকসেনাদের ঘাঁটিতে আক্রমন করে। রাতভর পাকবাহিনীর সঙ্গে যুদ্ধে ২৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। কতিপয় পাকিস্তানী সেনা বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে কুমিল্লার বরুড়ার দিকে ও ময়নামতি সেনা ছাউনীতে ফিরে যায় এবং কয়েকজন আত্মসমর্পণ করে। একপর্যায়ে পাকসেনাদের বিমানবন্দরের প্রধান ঘাঁটি দখলে নেয় মুক্তিসেনারা। আর এভাবেই একাত্তরের ৮ ডিসেম্বর ভোরে কুমিল্লা হানাদার মুক্ত হয়। এদিন ভোর থেকে মুক্তিসেনারা শহরের চকবাজার, রাজগঞ্জ, টমছমব্রিজ ও গোমতী পাড়ের ভাটপাড়া দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করে। তখন রাস্তায় নেমে আসে বিজয় উল্লাসে উদ্বেলিত জনতার ঢল। কুমিল্লার আপামর জনগণ ফুলের পাপড়ি ছিটিয়ে মুক্তির উল্লাসে বরণ করে নেয় মুক্তিসেনাদের।
কুমিল্লা জেলা প্রশাসক মু: রেজা হাসান জানান, কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিকালে টাউন হল মাঠ থেকে বিজয় র্যালি বের করা হবে। এছাড়া সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।