
মোঃ হাবিবুর রহমান সোহেল ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনসহ মোট ১০ মামলার পলাতক আসামি মো. রয়েলসহ তিন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনের ১০ মামলার আসামি মো. রয়েল (৩২), দ্রুত বিচার আইন, ডাকাতি ও মাদক মামলার আসামি ওহেদুল নবী (৩০) এবং আসামি মো. মামুন (৩৮)। মো. রয়েল মাধবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ছাওয়াল মিয়ার ছেলে, ওহেদুল নবী একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং মো. মামুন রেনু মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একাধিক দল পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েলসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন আসামিকে রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।