স্টাফ রিপোর্টার
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর দলটির জোটের প্রার্থীর পক্ষে কাজ করার এই নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক মুন্সী বলেন, দলের হাইকমান্ড থেকে মৌখিকভাবে জোটের প্রার্থী জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে লিখিত আদেশ এখনও দেওয়া হয়নি। শিগগিরই অফিশিয়ালি লেটার আসবে আমাদের কাছে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে ওইদিন হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে। তারা দাবি করেন, বিএনপির প্রার্থীর আর্থিক প্রতিষ্ঠানে দায় আছে। ব্যাংকের ঋণখেলাপি হওয়ার পরও নির্বাচনে অংশগ্রহণ করতে উচ্চ আদালত থেকে তিন মাসের একটি স্থগিতাদেশ এনেছেন তিনি। কিন্তু সেসব তথ্য হলফনামায় উল্লেখ করেননি।
পরে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী যুক্তি তুলে ধরেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা বাহাসের পর রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শেষে ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান ১৯ জানুয়ারি উচ্চ আদালতে রিট করেন। তবে ২১ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
সর্বশেষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল বিভাগে আবেদন করেন। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ এই আবেদনের শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। ৩০ জানুয়ারি লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ আজ আদেশের জন্য দিন রাখেন। এখানেও তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বিএনপির অন্য কোনো নেতা মনোনয়ন না কেনায় একরকম বাধ্য হয়েই জোটের শরীক গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com