নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া মিডিয়া সেলের বিরুদ্ধে কুমিল্লায় কর্মরত যমুনা টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা করে লাশ গুম করার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন কুমিল্লার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে সাংবাদিক খোকন উল্লেখ করেন, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে গফুর ভূঁইয়া মিডিয়া সেল, ওমর ফারুক, ইশরাত জাহান নামের ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া এসব ফেসবুক আইডি থেকে তার ফটোকার্ড ব্যবহার করে এবং যমুনা টেলিভিশনের লোগো দিয়ে নানা রকম মানহানি করা হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিরা তার মোবাইল নম্বরে ফোন করে হত্যা করে লাশ গুম করার হুমকিও দিচ্ছেন।
সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের জেরে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রাণনাশের শঙ্কায় রয়েছি। এজন্য থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে জানতে কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার মোবাইলে ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com