বিশেষ প্রতিনিধি
আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় কুমিল্লার টাউন হল মাঠে বৃহস্পতিবার বিএনপির দুই পক্ষকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বৃধবার রাতে বলেন, ‘বৃহস্পতিবার টাউন হল মাঠে কর্মসূচি পালনের জন্য দুই পক্ষই আবেদন করে। রাতে ডিএসবির গোয়েন্দা প্রতিবেদনে আমাদের জানানো হয়েছে, একই দিনে একই মাঠে একই দলের দুই পক্ষের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন বা অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। যার কারণে আমরা চূড়ান্তভাবে কাউকে টাউন হল মাঠে কাউকেই অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি। চিঠি দিয়ে উভয় পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে কুমিল্লা-৬ আসনে দলের মনোনীত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার টাউন হল মাঠে জনসভার ঘোষণা দেন। একই দিন একই মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে এই আসনে দলের মনোনয়ন বঞ্চিত বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন-উর-রশিদের (ইয়াছিন) অনুসারীরা। পাশাপাশি স্থানে দুই পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করে। এ নিয়ে বিএনপির স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রশাসন কোনো পক্ষকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। তবে দুই পক্ষই কর্মসূচি পালনে অনড়। তারা বৃহস্পতিবার সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।
কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, জেলা প্রশাসন থেকে দুটি পক্ষকে টাউন হল মাঠে অনুষ্ঠান না করে বিকল্প স্থানে অনুষ্ঠান করতে বলা হয়েছে। তাই দুটি পক্ষের কেউই আর বৃহস্পতিবার টাউন হল মাঠ ব্যবহার করতে পারবে না।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com