প্রতিনিধি, হোমনা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ আগামী নির্বাচনে অংশ নেবে এবং ষড়যন্ত্রকারীরা কোন স্থান পাবে না।
শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘আমার নেতা তারেক রহমান সাহেব জানেন আমাকে কোথায় রাখবেন। হোমনাবাসীর জন্য সুখবর হলো— হোমনা থেকে গডফাদার বিদায় নিয়েছে। আমি আসার কারণেই তাদের বিদায় হয়েছে। হোমনায় আর কোনো গডফাদার ফিরবে না।’
তিনি বলেন, ‘আমি হোমনার ভোটার, মেঘনার না। হোমনার মানুষ ভুল করে না। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় এবং আমি নির্বাচিত হই, তাহলে পৌরসভার এলাকা সম্প্রসারণ করব। এখানে ঝাড়ুদারের সংখ্যা বেশি হয়ে গেছে— যারা ঝাড়ু হাতে বের হয়েছেন, তাদের নাম লিখে রাখবেন; তাদের ঝাড়ুদার হিসেবে নিয়োগ দেওয়া হবে। হোমনায় ধান থাকবে, তবে কোনো চিটাধান থাকবে না।’
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যারা হাংকি–পাংকির কথায় মানুষকে প্রলুব্ধ করছে, তাদের উদ্দেশে বলছি— হাংকি–পাংকি করবেন না। বিএনপি এ দেশের জনগণের দল; মানুষ এখন অনেক সচেতন।’
সভায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও আব্দুল লতিফসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হোমনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হোমনা চৌরাস্তা, উপজেলা পরিষদ এলাকা ঘুরে পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com